আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির চন্দ্রঘোনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাকের আহাম্মদ। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাসেল মাহমুদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের তথ্যমতে, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ–এর মেয়েকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন রাসেল মাহমুদ। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং তাকে আটকের নির্দেশ দেওয়া হয়।
পরে শনিবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি “অতিরঞ্জিত” ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকবেন।
ক্ষমা প্রার্থনার ওই পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য এবং ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। ভিডিও বক্তব্যেও তিনি জানান, অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ বিষয়ে বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ বলেন, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।