​৪ বছরের জন্য জাবিপ্রবির দায়িত্ব নিলেন ভিসি ড. আমির হোসেন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন পরিবেশ বিজ্ঞান বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।
​ বিশ্ববিদ্যালয় কার্যালয়ে তিনি তাঁর কার্যভার গ্রহণ করেন। এর আগে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় তাকে আগামী ৪ বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করে।
​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জাবিপ্রবির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
​যোগদান শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর বলেন, “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণানির্ভর ও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে আমি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
​এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন উপাচার্যের যোগদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *