মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদক সেবী ও মাদক বিক্রেতাদের অরাজকতা সৃষ্টির পায়তারা প্রতিরোধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১টায় চর গোবিন্দী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করে চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর গোবিন্দী সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাজেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। মানববন্ধন শেষে এলাকায় শান্তি ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।