দেওয়ানগঞ্জে গাঁজাসহ বাবা-ছেলে আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

ফারুক মিয়া , দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সকালে(৮ মে) উপজেলার উত্তর কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জুরুল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উত্তর কালিকাপুর গ্রামের একটি বসতভিটার পাশে কাঠ বাগানের ভেতরে গোয়ালঘরের সামনে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. হাবিব (২২), পিতা মো. নূরু শেখ এবং মো. নূরু শেখ (৬০), পিতা মৃত কোব্বাত আলী। তাঁদের বাড়ি উপজেলার উত্তর কালিকাপুর গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া গাঁজার ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৯) ও ১০(৫) ধারায় তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *