রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের বাড়িতে হামলা,অগ্নিসংযোগ,মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার সাপধরি ইউনিয়নের কাশারিডোবা গ্রামের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,প্রায় এক মাস আগে আব্দুর রশিদ মেম্বারের একটি বালু উত্তোলনকারী ড্রেজার চুরির ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। ওই চুরির ঘটনায় রফিকুল ইসলামের ওপর দায় চাপানোর চেষ্টা করা হলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও বিরোধ দেখা দেয়।
অভিযোগ রয়েছে,এই বিরোধের জের ধরে রফিকুল ইসলামের ছোট ভাই কৃষক রুবেলকে একা পেয়ে রশিদ মেম্বারের লোকজন মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এরপর গত সোমবার গভীর রাতে কাশারিডোবা গ্রামের দুর্গম চরাঞ্চলে অবস্থিত কৃষক রুবেলের বসতবাড়িতে আব্দুর রশিদ মেম্বারের নেতৃত্বে হাকিম প্রামাণিক, রফিকুল,ওয়াদুদসহ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
ভুক্তভোগী পরিবারের দাবি,হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগ করে। এতে ঘরে মজুত করে রাখা প্রায় ২৫ থেকে ৩০ মণ ধান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া হামলাকারীরা ঘর থেকে নগদ ৫ লাখ টাকা এবং ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান,লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।