মাদারগঞ্জে ঘুমন্ত বৃদ্ধ মহিলার কান ছিঁড়ে দুল নিয়ে পালালো চোর  

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গভীর রাতে ঘুমন্ত এক বৃদ্ধার কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে তার কানের লতি ছিঁড়ে দিয়েছে চোর। বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কয়েদভান (৭০) ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি একাই বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে ঘরের জানালার পাশেই খাটের উপর  ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে এক চোর জানালা কেটে ভেতরে হাত ঢুকিয়ে তার ডান কানের সোনার দুল ধরে টান দেয়। এতে তার কানের লতি ছিঁড়ে যায় এবং দুল নিয়ে পালিয়ে যায় চোর। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগীর নাতি সুজন আহমেদ জানান, তার নানি একা থাকতেন এবং জানালার কাছেই শুয়ে ছিলেন। সেই সুযোগে চোর জানালা কেটে দুল ছিনিয়ে নেয়। চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। তিনি বলেন, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, রাত ৩টার দিকে বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়। তার কানের লতি ছিঁড়ে গিয়েছিল। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, ঘটনাটি আমাদের  জানা ছিল না।  এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *