ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদার পাড়া এলজিআরডি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটি বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে, ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকে, যার কারণে রাস্তা পিচ্ছিল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে ইজিবাইক ও ছোট যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় যানবাহন উল্টে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, সমস্যার সমাধানে তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। তবে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছে বারবার অভিযোগ জানানো হলেও তিনি এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে দাবি করেন তারা।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে,এমন প্রশ্নও তুলেছেন ভুক্তভোগীরা।