
জামালপুরের মেলান্দহ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এবং অফিস চত্বরটি মূল সড়ক থেকে নিচু হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, হালকা বৃষ্টি হলেই কার্যালয়ের সামনের প্রধান ফটক ও ভেতরের আঙিনায় পানি জমে যায়। অনেক সময় এই পানি দীর্ঘক্ষণ স্থবির হয়ে থাকে, যা সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পানি মাড়িয়েই অনেককে অফিসে প্রবেশ করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, কৃষি অফিসের এই অংশটি মেইন রোডের তুলনায় বেশ নিচু। আগে পানি বের হওয়ার কিছু পথ থাকলেও বর্তমানে অপরিকল্পিত অবকাঠামো বা ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানি নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই অফিস প্রাঙ্গণ পুকুরে পরিণত হয়।
সেবা নিতে আসা কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “কৃষি অফিসে আসি সমস্যার সমাধান নিতে, কিন্তু অফিসের গেটেই যদি পানি জমে থাকে তবে ভেতরে ঢোকাই দায় হয়ে পড়ে। দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।”
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সচেতন মহল অবিলম্বে একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও কার্যালয়ের আঙ্গিনা উঁচু করার জন্য দাবি জানিয়েছেন। অন্যথায় বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।