ধামরাই এস এস সি পরীক্ষার্থী নাদিয়া হত্যার আসামী গ্রেফতার।

ধামরাই ঢাকা প্রতিনিধি, মোস্তাফিজুর রহমান

ঢাকার ধামরাই উপজেলায় এসএসসি পরীক্ষার্থী নাদিয়া আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম ওরফে স্বপন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় এসএসসি পরীক্ষার্থী নাদিয়া আক্তারের রক্তাক্ত মরদেহ একটি ভাড়াবাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গভীর তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর প্রতিবেশী শামীম ওরফে স্বপনকে গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ আরও জানান, গ্রেফতার ব্যক্তি অনলাইন জুয়া খেলায় আসক্ত। তিনি জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার টাকার জন্য ঘটনার দিন প্রথমে কৌশলে ওই শিক্ষার্থীর রুমে প্রবেশ করেন এবং চাহিদা মাফিক টাকা না পেয়ে চাকু দিয়ে ওই শিক্ষার্থীকে গলায় ছুরিকাঘাত করে এবং শিল দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করে। পরবর্তীতে তার কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, গ্রেফতার আসামির কাছ থেকে লুট হয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগীর নানি শনাক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *