ইত্তিজা হাসান মনির,বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা বিষখালী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে ডৌয়াতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আবু ছালেহ এর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এভাবে নদী থেকে মাটি কাটা অব্যাহত থাকলে উপকূলীয় এলাকা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে বিষখালী নদী থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে। বালু কেটে ইট বাটায় বিক্রি করছেন ডৌয়াতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু ছালেহ এতে নদী ভাঙন তীব্র হচ্ছে এবং ঝুঁকিতে পড়েছে আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি।
ইটবাটার মালিক মোহাম্মাদ আবু সালেহকে মুঠো ফোনে যোগাযোগ করলে ও তাকে পাওয়া যায়নি। মোহাম্মদ আবু সালেহ হাওলাদার পিওর ইটবাটার মালিক।
এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আবু সালেহ মেম্বারের বিরুদ্ধে আপনারা যে ছবি দিয়েছেন, তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মহোদয় বলেন, “নদী থেকে মাটি কাটা একটি অপরাধ। সাংবাদিকের মাধ্যমে জেনেছি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।