ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে জমি দখল,জাল দলিল তৈরি, ভুয়া নামজারি ও জমা-খারিজ এবং হয়রানিমূলক মামলাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন কয়েকজন বাসিন্দা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) বিকেল তিনটায় দেওয়ানগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পৌর এলাকার চরভবশুর পূর্বপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইদুজ্জামান, খায়রুজ্জামান, শহীদ মিয়া, আব্দুর রাজ্জাক, রাশেদা ও সবুজা বেগমসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারীরা বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এতে তাঁদের জমির অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তাঁরা আরও বলেন, জমিসংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট জমির দলিল, নামজারি, জমা-খারিজসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা দরকার। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের জমির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।
অভিযোগকারীরা উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।