গাজীপুরের কালিয়াকৈরে মান্নান প্লাজা হোটেলে পুলিশের অভিযান, মূলহোতাসহ ৩৯ জন গ্রেপ্তার

সাঈদ মৃধা, টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপের অভিযোগে অবশেষে নড়েচড়ে বসলো প্রশাসন। ডিসি ও এসপি অফিসে মানবাধিকার সংগঠনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মান্নান প্লাজা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মূলহোতাসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাইপাস ও চন্দ্রা এলাকার অদূরে অবস্থিত মান্নান প্লাজা আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় মানবাধিকার কর্মীরা গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গল বার কালিয়াকৈর থানা পুলিশ ওই হোটেলে অভিযান পরিচালনা করে।

অভিযানে হোটেলের মূলহোতা মো. মিজান ও শাহজাহান সহ পতিতা, খদ্দের ও দালাল চক্রের মোট ৩৯ জনকে আটক করা হয়। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মান্নান প্লাজা হোটেলের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃতদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *