রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক বিদায়, সৌদিতে নাসিমের মৃত্যু

শাহিন আলম হৃদয়
​ স্টাফ রিপোর্টার

সৌদি আরবের রিয়াদে নাসিম খান (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রাতে স্থানীয় সময় আনুমানিক রাত ১০টার দিকে নিজ কর্মস্থলের ভবনের একটি বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
​নিহত নাসিম খান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ী এলাকার বাবুল খানের ছেলে। পরিবারের অভাব-অনটন দূর করতে ও স্বাবলম্বী হওয়ার স্বপ্নে প্রায় তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।
​স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর ঘটনাটি ঘিরে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় অনেকে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
​ঘটনার পরপরই সৌদি আরবের স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই তথ্য অনুসন্ধানের জন্য নিহত নাসিমের সাথে একই কক্ষে অবস্থানরত সহকর্মীদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ হলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
​এদিকে, মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য নিয়মিত অর্থ পাঠানো এই রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি গুনেরবাড়ীতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন শোকাহত পরিবার ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *