মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে জামালপুরে গণ-মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী শহর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের পুরাতন পৌরসভা গেইট থেকে এক গণ-মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামী শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আওয়াল বলেন, ২০২৪ সালের ১আগস্ট সরকার আমাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ছিল কিন্তু ৫ দিনের মধ্যে তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্রকারীরা এই দুই বছরের মধ্যেও বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করতে পারে নাই। আমরা বর্তমান সরকারকে সতর্ক এবং হুঁশিয়ার করে বলতে চাই গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি। ৭০ শতাংশ মানুষ
গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। জুলাই সৈনিকদের উপর আঘাত আসলে এদেশের জনগণ মেনে নেবে না। আগামী দিনের লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম রোমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, ইসলামি ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি আইনজীবী মজিবুর রহমান, জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান ওমর, সদর উপজেলা শাখার আমীর মাওলানা মুন্জুরুল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আজহারুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি আবু রায়হান প্রমুখ।
গণ-মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা, শহর ও সদর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।