​মাদারগঞ্জে বস্তাবন্দি লাশের গুজব, ভেতরে মিলল মরা মুরগি

শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে এলাকায় ‘বস্তাবন্দি লাশ’ উদ্ধারের তীব্র গুজব ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ আজ ২৯ জুন সোমবার খাজা শাহসুফী ইউনুস আলী ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ভেতরে মানুষের লাশ নয়, বরং মরা মুরগি ও মুরগির বর্জ্য উদ্ধার করে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের সামনে রাস্তার পাশে একটি বস্তা মুখবাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীদের মনে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে বস্তার ভেতর কোনো মানুষের লাশ রয়েছে। লাশ দেখার জন্য ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করে এবং পুরো এলাকায় এক ধরণের আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
​খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপস্থিত জনতার সামনে পুলিশ সতর্কতার সাথে বস্তার মুখ খুললে দেখা যায়, সেটির ভেতরে কোনো লাশ নেই; বরং কোনো খামারি বা ব্যবসায়ী মরা মুরগি এবং মুরগির চামড়াসহ বর্জ্য ভরে সেখানে ফেলে রেখে গেছেন।
​বস্তার ভেতর মরা মুরগি পাওয়ার পর উপস্থিত জনতা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং পুরো এলাকায় ছড়িয়ে পড়া গুজবের অবসান ঘটে।
​এ বিষয়ে পুলিশ জানায়, পচা দুর্গন্ধ ছড়ানো মুখবাঁধা বস্তা দেখে স্থানীয়দের মনে সন্দেহের তৈরি হয়েছিল। তবে এটি স্রেফ ময়লা-আবর্জনা ও মরা মুরগি ছিল। এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। একই সাথে এই ধরণের কোনো কিছু দেখে আতঙ্কিত না হয়ে পুলিশকে খবর দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *