ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফিসটিতে অনুমোদিত জনবল ৩৩ জন থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২২ জন। ফলে গুরুত্বপূর্ণ অনেক পদ শূন্য থাকায় কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
জনবল স্বল্পতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি, সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ, প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে প্রকল্প বাস্তবায়নের গতি কমে যাওয়ার পাশাপাশি সাধারণ সেবাগ্রহীতারাও ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এলজিইডি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জনাব মেহেদী হাসান বলেন,দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় বিদ্যমান জনবল দিয়েই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এতে কাজের চাপ বেড়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনেক কাজ সম্পন্ন করাও কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হলে উন্নয়ন প্রকল্পের গতি আরো বাড়বে।