এম মাসুদ রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম বৈশাখী সাংস্কৃতিক মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ ও গ্রামীণ ঐতিহ্যকে ঘিরে আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
গত সোমবার রাত ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সংগীত পরিবেশন ও ফিতা কাটার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ও মেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। এ সময় ঢোল, বাঁশি ও লোকজ বাদ্যের তালে তালে বাংলা সংস্কৃতির নানা উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুর রহমান জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. শাহজাহান আলী, সভাপতি, পৌর বিএনপি। এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৈশাখী মেলা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজনের গুরুত্ব অপরিসীম। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও লালন করা হবে।
মেলায় বিভিন্ন স্টলে গ্রামীণ হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, বাঁশ ও বেতের পণ্য, লোকজ খাবার এবং শিশুদের খেলনার সমাহার দেখা যায়। এছাড়াও নাগরদোলা, পুতুল নাচ ও লোকসংগীতের আয়োজন দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।