কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘হিন্দু মুসলমান আমরা এক বৃন্তে দুই ফুল। একসাথে ছয় থেকে সাতশ বছর ধরে বসবাস করে আসছি। মানুষকে ধর্ম দিয়ে মানুষকে বিচার করার বিষয় নয়। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। সবার উপরে মানবধর্ম।’
শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির উন্নয়ন ও সংস্কারে অনুদানের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যেভাবেই হোক ওই গুপ্ত, সুপ্ত ষড়যন্ত্রকারীরা যদি আবারও অপচেষ্টা করে আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করব। দুর্গাপূজায় আমরা পঞ্চগড় জেলায় ১০ হাজারের মতো আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো মাহফিলে গিয়ে আমার দলের কথা বলা পছন্দ করি না। অন্য কেউ করুক, তার দলের কথা সেটাও আমরা মানতে চাই না। মাহফিলের নামে ব্ল্যাকমেইল করা, মাহফিলের নামে আপনি আপনার দলের প্রচারণা করবেন, সেখানে আমাদের সংগঠনের লোক ইনভেস্ট করবে, অর্থ যোগান দিবে, সেখান থেকে আপনি একটা দলের পক্ষে প্রচার করবেন তা হবে না।
পরে তিনি তার নির্বাচনী এলাকা বোদা ও দেবীগঞ্জ উপজেলার ১৬টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহাসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।