বকশীগঞ্জে জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে জাল আমেরিকান ডলার সদৃশ নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বকশীগঞ্জের মেইন রোডের চৌরাস্তার পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মূল্যমানের নোট, তিনটি মুঠোফোন ও একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবেরচর গ্রামের হযরত আলী (৩০) ও নজরুল ইসলাম (২২)।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা-২ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই মুহাম্মদ শাহজাহান মিয়া, এসআই রফিকুল ইসলামসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে ৫০০ ডলার মূল্যমানের ১০০টি, ১০০ ডলার মূল্যমানের ১০০টি এবং ৫০ ডলার মূল্যমানের ৯৫টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া ৫ ডলার মূল্যমানের ১৯৯টি জাল নোটের সঙ্গে একটি আসল নোট এবং ১ ডলার মূল্যমানের ৯৮টি জাল নোটের সঙ্গে দুটি আসল নোট পাওয়া যায়।

এ ছাড়া একটি পুরোনো ভিভো, একটি ইনফিনিক্স ও একটি সিম্ফনি মুঠোফোন এবং কালো রঙের একটি নিবন্ধনবিহীন ডিসকভার-১২৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, জাল ডলার, মাদক ও অস্ত্রের কারবারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

ডিবির ওসি সজীব রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *