এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নতুন শাখা স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
বৃহস্পতিবার দিনব্যাপী এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন:
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (সাধারণ), বিকেএসপি,কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পিএসসি, পরিচালক (প্রশিক্ষণ), বিকেএসপি,মোহাম্মদ সালমান ওমর রুবেল, মাননীয় সংসদ সদস্য, হালুয়াঘাট-ধোবাউড়া।
পরিদর্শনকালে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিকেএসপির নতুন শাখা স্থাপনের জন্য নির্বাচিত স্থানগুলোর পরিবেশ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ক্রীড়া প্রশিক্ষণের উপযোগিতা গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাঁরা।
এ সময় স্থানীয় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে কর্মকর্তারা একটি পূর্ণাঙ্গ ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
বিকেলে প্রতিনিধি দলটি ধোবাউড়ার ঐতিহ্যবাহী কলসিন্দুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। সেখানে তাঁরা দেশের নারী ফুটবলের পাইপলাইনখ্যাত এই প্রতিষ্ঠানের নারী ফুটবলারসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ময়মনসিংহ বিভাগে বিকেএসপির কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের ক্রীড়ার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদ তুলে আনা সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা।”
তিনি আরও জানান, বর্তমানে সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। খুব দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে পরবর্তী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া হবে।
হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিকেএসপির সম্ভাব্য স্থান পরিদর্শনের এই খবরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজ অত্যন্ত আনন্দিত। তাঁদের প্রত্যাশা, ময়মনসিংহ বিভাগে বিকেএসপির পূর্ণাঙ্গ শাখা চালু হলে এ অঞ্চলের সম্ভাবনাময় তরুণ-তরুণীরা আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের সুযোগ পাবে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও অনেক দক্ষ ও প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হবে।