কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত সুরুজ্জামাল একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে যান সুরুজ্জামাল। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে পানির তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল প্রায় ৫টার দিকে কুরবান নামে এক ব্যক্তি নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।