হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধ ও আদালতের নোটিশ অমান্য করে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম এ খালেক, ​হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডোরা মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞা ও সতর্কমূলক নোটিশ অমান্য করে প্রতিপক্ষ জমিতে হালচাষ অব্যাহত রেখেছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন বিলডোরা ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্যের মাধ্যমে ভুক্তভোগী পরিবার জানান, বিলডোরা মৌজায় বিআরএস খতিয়ান নং- ১১৮৫, দাগ নং- ২২৭১ এ ৩২ শতাংশ জমিতে তাদের বৈধ মালিকানা ও ভোগদখল রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ বিলডোরা ইউনিয়নের মৃত আতশ আলী মন্ডলের ছেলে সাইফুল ইসলাম, জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছে। গত ২৬ জুলাই প্রতিপক্ষের পক্ষ থেকে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে আদালত উভয় পক্ষকে তফসিলে বর্ণিত সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্ব-স্ব অবস্থান বজায় রাখার জন্য সতর্কতা নোটিশ প্রদান করেন। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তফসিলভুক্ত জমিতে কোনো ধরনের অশান্তি বা শান্তিভঙ্গের কার্যক্রম চালানো যাবে না। এ ছাড়া আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উভয় পক্ষকে নিজ নিজ দলিলাদি আদালতে দাখিল করার দিন ধার্য রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতের এই নির্দেশনা ও সতর্কমূলক নোটিশ অমান্য করে প্রতিপক্ষ সাইফুল গং জমিতে প্রবেশ করে জোরপূর্বক হালচাষ শুরু করে। তারা আদালতের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়ে শান্তিভঙ্গের পরিবেশ সৃষ্টি করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট থানা পুলিশকে অবগত করলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রতিপক্ষ এভাবে আইন অমান্য করতে থাকলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আদালতের আদেশ কার্যকর করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *