হবিগঞ্জে এনসিপি’র নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জুলাই) রাতে শহরের পাঁচ রাস্তা থেকে এক মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আইনজীবী আবু সাঈদ শামীমের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসেন জনি’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব শক্তির সংগঠক আবিদ সৌরভ, জাতীয় ছাত্র শক্তি জেলা শাখার আহবায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ, সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, সরিষাবাড়ি (এনসিপি) ইঞ্জিনিয়ার রাকিব হোসাইন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে এনসিপি জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক আবু সাঈদ শামীম বলেন, আপনারা জানেন আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যে বাংলাদেশে কোন মারামারি, গন্ডগোল, হানাহানি এগুলো থাকবে না, বৈষম্য থাকবে না। গণতান্ত্রিক অধিকার থাকবে। সকলেই শান্তিপূর্ণভাবে যে যার জায়গা থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কিছু কুচক্রী মহল কিছু সন্ত্রাসীদের উস্কানিতে বাংলাদেশ আবারও অশান্ত হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, গতকালকে হবিগঞ্জে যে হামলাটি হয়েছে সেইটি খুবই দুঃখজনক এবং নেককারজনক ঘটনা। একটি গণতান্ত্রিক দেশে সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সংবিধান থেকে দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এনসিপি’র নেতাকর্মীরা সভায় তাদের বক্তব্যে হয়তো কিছু বলেছে যা তাদের পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার কারণে যেভাবে হামলা করেছে হয়তো আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সেই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জামালপুরবাসীর পক্ষ থেকে। সেই হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

আবু সাঈদ শামীম বলেন, সেই ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু তারা পথের মধ্যে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অপেক্ষায় রয়েছি। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। বাংলাদেশকে শান্ত রাখুন। হামলাকারীদের গ্রেপ্তার করে অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করুন। তা না হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি ঘোষণা করবে আমরা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে এনসিপি জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *