মো. আলমগীর,জামালপুর প্রতিনিধি

জামালপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
৩০ জুলাই বৃহস্পতিবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও স্মারক বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, বৃক্ষমেলার আয়োজনটা হলো মানুষকে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। আরেকটি দিক আছে। আমরা যারা বৃক্ষ লাগাই, গাছ লাগাই অনেকে হয়তো বাজার থেকে গাছ এনে লাগালাম কিন্তু গাছটা কিভাবে লাগাতে হয়, পরিচর্যা করা, এ বিষয়গুলো আমরা জানি না। এই মেলাতে আসলে আপনি কিন্তু স্টল থেকে সেই বিষয়গুলো জানার একটি সুযোগ আপনার আছে। আপনি যেকোনো স্টলে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে, আমি গাছ লাগাতে চাই কিভাবে লাগাবো, কিভাবে পরিচর্যা করব। সার্বিক বিষয়গুলো আপনাকে এখান থেকে দিকনির্দেশনা দেওয়া হবে, পরামর্শ দেওয়া হবে। কাজেই আমি মনে করি যে মেলার ব্যাপারে আরও আমাদের প্রচারণা বাড়ানো দরকার।
আমি জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি একটু আগেই বলছিলেন যে প্রত্যেকটা স্কুলে নোটিশ দেওয়া যে স্কুলের ছেলে-মেয়েরা যাতে এই মেলাতে আসে এবং স্টলগুলো পরিভ্রমণ করে। বৃক্ষরোপণের বিষয়ে তারা জানার সুযোগ পায়। আমি মনে করি এটি সুন্দর পরামর্শ। এ বিষয়টি কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আর আরেকটি বিষয় আমি আপনার জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো যিনি নার্সারি সমিতির সভাপতি মহোদয় এখানে আবেদন করেছেন যে মেলাটি সাত দিনের জায়গায় যদি আর একটু বাড়ানো যায়, ১০ দিন করা যায়। এটা আসলে যত প্রচারণা বাড়বে, মানুষ যখন যত বেশি এখানে আসবে আমাদের লক্ষ্য তত বেশি বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান হিসেবে যে আমাদের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম একটি প্রস্তাবনা ছিল এই বৃক্ষরোপণ। একটি টার্গেট করা এবং প্রধানমন্ত্রী হিসেবে উনি সেই টার্গেট নির্ধারণ করেছেন। সেই টার্গেট অনুযায়ী সারাদেশে বৃক্ষরোপণ চলছে।
জামালপুরে সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, ডাক্তার মোবারসিরা, কাজী কৃষি উপকরণ নার্সারীর স্বত্বাধিকারী সুজন কাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।
মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শনী ও বিক্রির জন্য ৩৫ টি স্টল রয়েছে বলে জানান মেলা কর্তৃপক্ষ।
প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ বৃক্ষমেলার কার্যক্রম চলমান থাকবে।