এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

উপজেলার উত্তর বাজারে স্বপনের হোটেলে মবিলের (ব্যবহৃত ইঞ্জিন অয়েল) চুলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে তাৎক্ষণিকভাবে মবিলের ওই চুলা ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে অবগত হন। খবর পাওয়ার সাথে সাথেই তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং হোটেলের রান্নাঘরে মবিলের চুলা ব্যবহারের সত্যতা পান।
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল মালিক স্বপনকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের ক্ষতিকর ও অবৈধ চুল ব্যবহার না করার জন্য তাকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং রান্নার কাজে ব্যবহৃত মবিলের চুলাটি জব্দ করে পুরোপুরি বন্ধ করা হয়।
প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।