মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধ*র্ষ*ণের অভিযোগে যুবক আটক

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর লোটাবর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত স্বপন কৌশলে শিশুটিকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির নিচু জায়গায় একটি কলাগাছের আড়ালে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, শিশুটিকে ধর্ষণের পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন এবং একটি বাড়িতে আটকে রাখেন।

খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেন।

ভিকটিমের ফুফু অভিযোগ করে বলেন, সকালে স্বপন ফুসলিয়ে শিশুটিকে নিয়ে যায়। পরে মুখে কাপড় গুজে দিয়ে তাকে ধর্ষণ করা হয়। একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা ফয়সাল বলেন, শিশুটির কান্নার শব্দ ও খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যায়। পরে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মাদারগঞ্জ এসেছে।

স্থানীয় কয়েকজনের দাবি, আটক স্বপনের বিরুদ্ধে এর আগেও এলাকায় নারী ও শিশুদের নিয়ে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছিল। তবে এ ধরনের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান বিষয়টি জেনেছি এ ঘটনায় স্বপন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার মামার বাড়ীতে থাকতো সে। তার প্রকৃত গ্রামের বাড়ী সিলেট বলে জানা গেছে। ভিকটিমকে মেডিকেল পাঠানো হয়েছে। অভিভাবক ভিকটিমকে নিয়ে আসলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *