শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব এস. এম. হুমায়ুন কবির সরকার জামালপুর জেলা সফর করেছেন। আজ বুধবার (০৮ জুলাই ২০২৬ খ্রি.) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিনি এই সফর সম্পন্ন করেন।
বুধবার সকালে বিভাগীয় কমিশনার জামালপুর জেলায় পৌঁছালে তাঁকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জামালপুরের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।
এরপর জেলা পুলিশ, জামালপুরের একটি সুসজ্জিত ও চৌকস দল বিভাগীয় কমিশনার মহোদয়কে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি প্যারেড পরিদর্শন করেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, গার্ড অব অনার গ্রহণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জামালপুর জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উক্ত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে, বিভাগীয় কমিশনার মহোদয় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষা হলের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলার খোঁজখবর নেন।
এছাড়াও তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস এবং জেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিতকরণ ও জনসেবার মান বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।