মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহ পৌরসভা কার্যালয় চত্বরে এক চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মেলান্দহ পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবেশের বিপর্যয় রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিজ নিজ আঙিনায় গাছ লাগানোর মাধ্যমে এই সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।”
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুলসহ উপস্থিত অতিথিবৃন্দ।