মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমকালো আয়োজনে ‘নৈশ ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ১০টায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া সাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। তেঘরিয়া যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে “ব্যাচ ব্যাটল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহ জেকরুল ইসলাম সুজন। উদ্বোধন করেন আল মাহি ইন্টারন্যাশনাল, ঢাকার স্বত্বাধিকারী এম কে আলাল মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক শাহ আব্দুল্লাহ সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জনাব জিল্লুর রহমান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব মশিউর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ফরহাদ হোসেন, বি.এস.সি শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শরীরচর্চা শিক্ষক জনাব মেজবাহুল ইসলাম জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের সহকারী অধ্যাপক টাইমুর আল মোবারক এবং এফ.কে.টি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মজনু বি.এসসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক জিয়াউদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম ও শাহ মো. রাজা প্রমুখ।
ফাইনাল খেলায় এসএসসি ব্যাচ ২০২৪ বনাম এসএসসি ব্যাচ ২০২৭ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এসএসসি ব্যাচ ২০২৭, ৩–০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর ও মনোমুগ্ধকর পরিবেশে পরিণত হয়।
উদ্বোধনী বক্তৃতায় অতিথিরা বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলামুখী এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাতের আলোয় আয়োজিত এমন মনোরম আয়োজনের জন্য তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।