দোয়ারাবাজার সুরমা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

এনামুল কবির মুন্না ,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৪৩টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। প্রত্যককে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই সহায়তা আগামী ৩ মাস অব্যাহত থাকবে। সম্প্রতি সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে জরুরি ভিত্তিতে এই বরাদ্দ দেওয়া হয়। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই সহায়তা দেওয়া হচ্ছে। উপজেলায় পর্যায়ক্রমে মোট ১ হাজার ৪০ জন কৃষক এই সুবিধা পাবেন। দুর্যোগের এই কঠিন মুহূর্তে দ্রুত সহায়তা পেয়ে সাধারণ কৃষকরা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *