মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন জাহানারা লতিফ মহিলা কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বেলা ১২টায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্য নির্বাচিত ও জনপ্রিয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। কলেজের শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সংবর্ধনা সভায় বক্তারা সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলের মেধা, সততা ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বিশেষ করে মেলান্দহ উপজেলার নারী শিক্ষার প্রসার এবং জাহানারা লতিফ মহিলা কলেজের সার্বিক অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করা হয়।
সংবর্ধনার জবাবে মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, আর নারী শিক্ষা ব্যতিরেকে সমাজের প্রকৃত উন্নয়ন অসম্ভব। জাহানারা লতিফ মহিলা কলেজকে অত্র অঞ্চলের একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং এর যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব।” তিনি উপজেলার সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক সমাজকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দের সাথে মাননীয় সংসদ সদস্য এক সৌজন্য মতবিনিময়ে অংশ নেন।