তালা উপজেলা প্রেসক্লাবের নির্মাণকাজে ভাঙচুর ! ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি

শামীম খান,সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা বাজার সংলগ্ন নদীর ধারে কফি হাউজের পাশে নির্মাণাধীন তালা উপজেলা প্রেসক্লাবের নতুন গাঁথুনীতে দুর্বৃত্তদের ভাঙচুরের ঘটনা ঘটেছে। কে বা কারা রাতের আঁধারে প্রেসক্লাবের নির্মাণাধীন অংশের নতুন গাঁথুনী ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ মে) দুপুরে তালা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি নির্মাণকাজের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আব্দুল মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস পাড়, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, তথ্য প্রচার বিষয়ক সম্পাদক – জোহর হোসেন সাগর, জমির উদ্দিন মোল্লাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে প্রেসক্লাবের নির্মাণকাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *