দুই সাংবাদিককে হামলার ঘটনায় ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা, প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা বলেন, চায়ের দোকানে চা খাওয়ার সময় হত্যা, ছিনতাইসহ ৯টি মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে পরিকল্পিতভাবে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করার সুবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে রাব্বি ও অন্য হামলাকারীরা। পুলিশ তাকে গ্রেপ্তারে চরম উদাসীনতা ও রহস্যজনক পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সভায় আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলার ঘটনার প্রধান আসামীসহ হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *