
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রহিবুল উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেলযোগে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারা অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মাইক্রোবাসটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এই ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।