মোস্তাফিজুর রহমান, ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৬০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
আজ রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে মো: সায়েদ আলীর(৩৮) বসতবাড়িতে ঢাকা জেলা এনএসআই সদস্যদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ডিজেল জব্দ করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। ঘটনাস্থলে অভিযুক্ত সায়েদ আলীকে পাওয়া যায় নি।
অভিযুক্ত সায়েদ আলী দেওনাই গ্রামের মহিজ উদ্দিনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে একটি বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুত থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তেলের মজুতের সত্যতা মিললেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ৬০০ লিটার তেল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬৯০০০ টাকা।
এ বিষয়ে সহকারী কমিশনার( ভুমি) মো: রিদওয়ান আহমেদ রাফি বলেন, রবিবার রাতে এনএসআই সদস্যদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৬০০ লিটার তেল জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকারি মূল্যে বিক্রি করে সেই অর্থ আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তবে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায় নি। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন প্রশাসনের ঔই কর্মকর্তা।