রাঙ্গামাটির সাজেকে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির সাজেক এলাকায় পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে সাজেক থানার আওতাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্ট এর পশ্চিম পাশের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাজেক থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ধন বিকাশ ত্রিপুরা (২২), রিন লিয়ানা লুসাই (২৪), মঙ্গল জয় ত্রিপুরা (৪০) এবং জুপি ত্রিপুরা (৩৯)। তাদের মধ্যে তিনজন রুইলুই পাড়ার বাসিন্দা এবং অপরজন খাগড়াছড়ির দীঘিনালা এলাকার বাসিন্দা।

অভিযানটি পরিচালিত হয় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় এবং সাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে, সেনাবাহিনীর সহযোগিতায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *