বেলারুশ থেকে ড্রোন ও সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রস্তাব; যাচাই করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

বাংলাদেশ ও বেলারুশের মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা এবং কৃষি যান্ত্রিকীকরণসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অফিসকক্ষে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো (Mikhail Kasko) এই সাক্ষাৎ করেন।

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব

বৈঠকে রাষ্ট্রদূত মিখাইল কাসকো বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে বেলারুশের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, বেলারুশ বিশ্বের অন্যতম উন্নত সামরিক সরঞ্জাম উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে বেলারুশ থেকে ড্রোনসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে জানান, সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কৃষি ও সার আমদানিতে নতুন দিগন্ত

আলোচনায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের কৃষি খাত ও সার আমদানির বিষয়টিও। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান পটাশ সার উৎপাদনকারী দেশ। বর্তমানে সৌদি আরব ও রাশিয়া থেকে সার আমদানি করলেও বেলারুশ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় নতুন গন্তব্য হতে পারে।”

পাশাপাশি, বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

আইনি ও বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের বিরুদ্ধে চলমান একটি ফৌজদারি মামলার বিষয়ে মন্ত্রীকে অবহিত করলে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উপস্থিতিবৃন্দ

সৌজন্য এই সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব বেগম মিনারা নাজমীন। বেলারুশের পক্ষে উপস্থিত ছিলেন দিল্লির দূতাবাসের সিনিয়র কাউন্সিলর সিয়ারহেই ত্রাতসিউক (Siarhei Tratsiuk), প্রোম্যাগ্রোলিজিং ওজেএসসি-র ডিরেক্টর জেনারেল পাভেল কারোতকিখ (Pavel Karotkikh) এবং বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায়।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত মিখাইল কাসকো স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলারুশ সফরের সাদর আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *