মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কারাবন্দি ব্যারিস্টার সাইদুল হক সুমন–এর নামে বরাদ্দকৃত প্রায় ৬০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে আনিসুর রহমান রতন নামে স্থানীয় একটি পত্রিকার সম্পাদক এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে তৎকালীন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, এলজিইডির মাধ্যমে রাজস্বে ৬০ লাখ চা শ্রমিকদের জন্য রেইনকোট, সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ সরবরাহসহ রাস্তা ও কালভার্ট নির্মাণে বরাদ্দ থাকা অর্থ কোনো বৈধ প্রকল্প কমিটি বা টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করেই উত্তোলন করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, সংশ্লিষ্ট ঠিকাদারদের পরিচয় শনাক্ত বা তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পাশাপাশি এলজিইডি দপ্তরে একাধিকবার তথ্য চাওয়া হলেও কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও উন্নয়ন প্রকল্পভিত্তিক অর্থ আত্মসাতের ঘটনায় কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।
এ বিষয়ে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এসএ সাজন জেলা প্রশাসকের কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “তুচ্ছ অভিযোগে ব্যারিস্টার সুমন জেলে থাকলেও তার বরাদ্দের অর্থ আত্মসাৎকারীরা এখনো প্রকাশ্যে রয়েছে। বিষয়টি অবশ্যই উচ্চপর্যায়ে তদন্ত হওয়া উচিত।”
তবে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক জি.এম. সরফরাজ বলেন, “সরকারি অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই। বিষয়টি যেহেতু পূর্বের ঘটনা, তবুও অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হবে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”