ডিআরসিতে ইবোলা মোকাবিলায় গিয়ে; নিহত নার্স, গুরুতর আহত স্বাস্থ্যকর্মী

রিপোর্টার,লাভলু

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৬

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলার সংক্রমণ মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এতে এক নার্স নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরেক স্বাস্থ্যকর্মী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় তশোপো প্রদেশের বাফওয়াসেন্দে শহরে ইবোলার সংক্রমণসংক্রান্ত সতর্কবার্তায় সাড়া দিতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসুস রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, প্রাণঘাতী এই রোগ থেকে জনগণকে রক্ষায় নিয়োজিত প্রত্যেকের নিরাপদ পরিবেশে কাজ করার অধিকার রয়েছে। স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

সংস্থাটির আফ্রিকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ ইয়াকুব জানাবিও হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, ইবোলা নিয়ে ভুল তথ্য ও আতঙ্ক যেন সহিংসতার কারণ না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ হামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্যও নিশ্চিত করা যায়নি।

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক

কঙ্গো প্রজাতন্ত্রে চলমান ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যকর্মীরা নানা বাধার মুখে পড়ছেন। রোগটি নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস, ভুল তথ্যের বিস্তার, নিরাপত্তাহীনতা এবং চিকিৎসাসামগ্রীর ঘাটতি সংক্রমণ নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে কঠিন করে তুলছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মে মাসে প্রাদুর্ভাব শুরুর পর থেকে ৯ হাজার ৮০০-এর বেশি সংক্রমণের ঘটনা এবং ৪ হাজার ৭০০-এর বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হয়েছে।

স্বাস্থ্যকর্মীদের ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকলে আক্রান্ত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছানো এবং সংক্রমণ নিয়ন্ত্রণের কার্যক্রম আরও ব্যাহত হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *