কৃষি ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করলেন কৃষক

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ শাখার ব্যবস্থাপক মো. আলফাজ উদ্দিন ও ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সোহাগ হোসেন বাবুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করেছেন এক কৃষক। গত ১০ অক্টোবর বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদনের মাধ্যমে তিনি অভিযোগ প্রত্যাহার করেন।

অভিযোগ প্রত্যাহারের আবেদনে পাররামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কৃষক মো. শাকিমুদ্দিন (ভুট্টু) উল্লেখ করেন, গত ৮ অক্টোবর তিনি ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দালাল সিন্ডিকেটের মাধ্যমে পুরোনো কৃষিঋণ বিতরণে হয়রানির অভিযোগ করেছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি দাবি করেন, অভিযোগটি ছিল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

লিখিত আবেদনে কৃষক আরও দাবি করেন, কথিত দালাল সিন্ডিকেটের এক ব্যক্তির প্ররোচনা ও কুপরামর্শে তিনি ওই অভিযোগ করেছিলেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

আবেদনে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের বাহাদুরাবাদ শাখার ব্যবস্থাপক মো. আলফাজ উদ্দিন ও নিরাপত্তাকর্মী মো. সোহাগ হোসেন বাবুর বিরুদ্ধে করা অভিযোগটি প্রত্যাহারের কথা জানান।

১০ অক্টোবর ২০২৬ তারিখে লেখা আবেদনটিতে মো. শাকিমুদ্দিন (ভুট্টু) স্বাক্ষর করেন। আবেদনে মো. সোহেল রানা ও মো. মশীনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *