রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি
আবেদন ছাড়াই জালিয়াতি করে বদলে দেওয়া হয়েছে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার প্রার্থী ও তার ভাইয়ের ভোটার এলাকা। ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নে। জালিয়াতির মাধ্যমে তাদের ভোটার এলাকা পাশের মেলান্দহ উপজেলায় স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ উঠে।
ভুক্তভোগী পূর্ব কান্দারচর গ্রামের নূরনবী শেখ ও তার সহোদর মিলন শেখ। নূরনবী শেখ গত ২০২১ সালের ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আগামী নির্বাচনেও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তারা জানতে পারেন, তাদের অজান্তেই ভোটার এলাকা পরিবর্তন করে মেলান্দহে নিয়ে যাওয়া হয়েছে। নূরনবী শেখের ভোটার এলাকা মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামে এবং মিলন শেখের ভোটার এলাকা জাঙ্গালিয়া গ্রামে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ,নির্বাচনে নূরনবীর প্রার্থিতা রুখতে স্থানীয় একটি প্রভাবশালী চক্র নির্বাচন কার্যালয়ের অসাধু কর্মচারীদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জালিয়াতি করেছে। ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে তাদের নিজ ওয়ার্ডে চরগোয়ালিনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ভোটার তালিকা পুনর্বহাল এবং দায়ী চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া জানান, স্থানান্তরের কাজ মেলান্দহ কার্যালয়ে হয়েছে, তারা শুধু তা অনুমোদন করেছেন।
অন্যদিকে মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান জালিয়াতির বিষয়টি স্বীকার করে বলেন,ভুয়া আবেদনের বিষয়টি প্রথমে বোঝা যায়নি। ভোটার এলাকা আগের স্থানে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।