বাহাদুরাবাদে জলাবদ্ধতায় কয়েক হাজার বিঘা জমি, খাল খননের উদ্যোগ

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাকান্দা এলাকায় কয়েক হাজার বিঘা কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ হয়ে আছে। গত তিন–চার বছর ধরে এ পরিস্থিতির কারণে সময়মতো ফসল উৎপাদন করতে পারছেন না কৃষকেরা। ভারী ও অতিবৃষ্টিতে পাকা হওয়ার আগেই অনেক ফসল পানিতে তলিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকেরা জানান, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শে আজ শনিবার ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
পরিদর্শনকালে ইউএনও বলেন, পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য ভরাট হয়ে যাওয়া একটি খাল চিহ্নিত করা হয়েছে। দ্রুত খালটি খননের উদ্যোগ নেওয়া হবে। এতে কয়েক হাজার বিঘা কৃষিজমির জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষকেরা উপকৃত হবেন।
দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ায় স্থানীয় কৃষকসহ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের আশা, খালটি খনন হলে পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং কৃষিজমিতে আবারও নিয়মিত ফসল উৎপাদন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *