দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধ, টিনের ঘর ভাঙচুর ও মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

দেওয়ানগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে টিনের ঘর ভাঙচুর এবং সেচযন্ত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. বজলুর রহমান।
অভিযোগে বজলুর রহমান উল্লেখ করেন, তিনি বৈধভাবে ক্রয় করা একটি জমি নিয়ে আদালতে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন। ওই জমিতে তিনি চাষাবাদ করতেন এবং কৃষিকাজের সুবিধার্থে একটি টিনের ঘর নির্মাণ করেছিলেন। গত ৩ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে ঘরটি ভেঙে ফেলে এবং টিন, বেড়া, খুঁটি, আসবাবপত্র, একটি সেচ পাম্প ও ১২ হর্সপাওয়ারের সেলো ইঞ্জিনসহ প্রায় এক লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ঘটনাটি জানতে পেরে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে নিজের মালামাল দেখতে পান। এ সময় প্রতিবাদ করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকে জমিতে যেতে এবং চাষাবাদ করতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনিছুর রহমান। তিনি বলেন,তিন দিন আগে রাতের আঁধারে কে বা কারা ঘরটি ভেঙে নিয়ে গেছে, তা আমরা জানি না। এলাকাবাসীর কাছ থেকে শুনেছি, প্রকৃত জমির মালিক তাঁর জমিতে ঘরটি সরিয়ে নিয়েছেন। এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *