মাদারগঞ্জে যমুনার বুকে নৌকা বাইচের জোর প্রস্তুতি, যমুনার দুই পাড়ে উৎসবের আমেজ

শাহিন আলম হৃদয়, স্টাফ রিপোর্টার

গ্রাম-বাংলার হাজার বছরের লোকজ ঐতিহ্যকে ধরে রাখতে জামালপুরের মাদারগঞ্জে যমুনার বুকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আগাম প্রস্তুতি। উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের ১নং ওয়াড় পাকরুল এলাকায় যমুনা নদীতে এখন দিনরাত চলছে বাইছালদের কড়া অনুশীলন।
​গত ৩১ জুলাই (শুক্রবার) বিকেলে যমুনার বুকে অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি নৌকার চোখধাঁধানো মহড়া। আসন্ন প্রতিযোগিতাকে সামনে রেখে আয়োজিত এই অনুশীলনে বর্ষীয়ান ও নবীন অসংখ্য বাইছাল অংশ নেন। ঢাকের ছন্দ, কাঁাসির শব্দ আর গায়েনদের জারি-সারির সুরে পুরো যমুনার পাড় এখন মুখরিত।
​স্থানীয় সূত্রে জানা গেছে, একেকটি বাইচের নৌকায় প্রায় ৭০ জন করে সদস্য অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬৫ জন অভিজ্ঞ বাইছাল, ১ জন ঢাকি এবং ৮ থেকে ৯ জন গায়েন রয়েছেন। গায়েনের গানের তাল ও ঢাকের শব্দের সঙ্গে তাল মিলিয়ে বাইছালদের বৈঠার একীভুত ছন্দে যমুনার উত্তাল ঢেউ পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলে ঐতিহ্যবাহী নৌকাগুলো।
​এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, নৌকা বাইচ কেবল একটি খেলা বা প্রতিযোগিতাই নয়; এটি যমুনাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রাণোচ্ছ্বল ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। প্রতিবছরই এই বাইচকে কেন্দ্র করে এলাকায় আত্মীয়-স্বজনের আগমন ঘটে এবং উৎসবের আমেজ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। বিকেলের কড়া রোদের মাঝেও নদীর দুই পাড়ে ভিড় জমাচ্ছেন হাজারও উৎসুক দর্শক।
​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্য ও শিরোপা অর্জন করতেই প্রতিটি দল প্রতিদিন ঘাম ঝরানো অনুশীলন চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *