হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে সাংবাদিককে মারধরের অভিযোগ, ক্ষোভ সাংবাদিক মহলে

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এটিএন নিউজের রিপোর্টার মাসুম বিল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নারী ও শিশু সংক্রান্ত একটি মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে বরগুনা সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলামের কক্ষে যান সাংবাদিক মাসুম বিল্লাহ। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম ও মহসিনের নেতৃত্বে ৬–৭ জন তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগ তুলে তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলেও দাবি করা হয়েছে।

সাংবাদিক মাসুম বিল্লাহর অভিযোগ, তাকে প্রায় এক ঘণ্টা প্রশাসনিক কর্মকর্তার কক্ষে আটকে রেখে পূর্বপরিকল্পিতভাবে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। পরে সেখানে উপস্থিত অন্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করেন।

আহত সাংবাদিককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম (রায়হান)।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি বর্তমানে মীমাংসার পর্যায়ে রয়েছে।

এদিকে, জেলার সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *