ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারের মাঝখানে অবস্থিত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, সর্বশেষ ২০০১ সালে বিএনপি সরকারের আমলে সড়কটির সংস্কারকাজ করা হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ২৫ বছর পেরিয়ে গেলেও আর কোনো বড় ধরনের সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি।
বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করলেও দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী।
এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির দুরবস্থা দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। তাই জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।