বাহাদুরাবাদ–বালসী ঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌঘাট থেকে গাইবান্ধার বালসী ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ–সংকট দূর হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
বুধবার(১৭ জুন) দুপুরে বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ–বালসী নৌপথ উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে এ নৌপথে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে প্রতিদিন হাজারো মানুষকে ফেরিনির্ভর যাতায়াতের কারণে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা যুবদলের আহবায়ক মনজু হোসেন বলেন,বাহাদুরাবাদ–বালসী ঘাটে একটি সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। পাশাপাশি মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। তাই দ্রুত সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন,যমুনা নদীর ওপর একটি সেতু এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রকল্প গ্রহণ করবে বলে আমরা আশা করি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা বলেন, সেতুটি নির্মিত হলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এর ফলে আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সেতু নির্মাণের দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *