জামালপুরে মেয়র প্রার্থী জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌরসভার বাঘেরহাট বটতলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া।

সোমবার (১৫ জুন) রাতে পৌরসভার বাঘেরহাট বটতলা থেকে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পর্যন্ত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে
মেয়র প্রার্থী জিএস ফিরোজ মিয়া বলেন, আমি দীর্ঘদিন যাব বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার যা বয়স হয়েছে এর তিন ভাগের দুই ভাগই আমি রাজনীতির পিছনে ব্যয় করেছি। আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি ১৯৮৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি আপনাদের কাছে অনেকবার এসেছি। বিভিন্ন এমপি মহোদয়, পৌরসভার মেয়রদের এবং চেয়ারম্যানদের জন্য ভোট চেয়েছি।

তিনি আরও বলেন, আজকে আপনাদের কাছে আমি আমার নিজের জন্য ভোট চাইতে এসেছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে পৌরসভায় নিয়ে যেতে পারেন, তা হলে আমি খাদেম হিসেবে আপনাদের সেবা করে যাব। আপনারা আমার সম্পর্কে জানেন। আমি কোন চাঁদাবাজি বা দখলবাজির সাথে জড়িত নই। আমি ছোট একটা ব্যবসা করি। আমি সবসময় সৎপথে চলার চেষ্টা করি। কারো টাকা-পয়সা বা ধন-সম্পদ জোর করে বা মেরে খাওয়া আমার স্বভাব নয়।

ফিরোজ মিয়া বলেন, কেউ বলতে পারবেনা আমি কারো কাছ থেকে দুই-চার পাঁচশত টাকা মেরে খেয়েছি। আপনাদের সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে। আমি প্রথম রাজনীতি শুরু করেছি আমজাদ ভাইয়ের সাথে। আমজাদ ভাইয়ের হাত ধরে আমি রাজনীতি করতাম। আমজাদ ভাই আমাকে জিএস এবং যুবদলের নেতা বানিয়েছিলেন। আজ আমজাদ ভাই আমাদের মাঝে নেই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।

তিনি বলেন, আগামী দিনে সকলে মিলে আমার জন্য পরিশ্রম করে নির্দিষ্ট লক্ষ্যে আমাকে পৌরসভার মেয়র হিসেবে বসাবেন। আমি আপনাদের যাতে খেদমত করে যেতে পারি। তার জন্য সবাই মিলে আমাকে ভোট দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত করবেন আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণে জেলা যুবদলের সাবেক সদস্য মো. জব্বার আলী, বর্তমান কমিটির সদস্য মো. মোস্তফা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক একরামুল হক, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য নুর ইসলাম, মো. জীবন চাঁনু, রেজাউল করিম, জেলা মাইক্রোবাস চালক সমিতির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ ও জাহিদুল ইসলাম জাহিদসহ জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *