বড় পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শনের উদ্যোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের

সামিয়া সুলতানা সাবনম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় গুরুত্বপূর্ণ ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর বিদ্রোহী হল প্রশাসন।

সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীরা যেন একসঙ্গে উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই হল প্রাঙ্গণে বড় পর্দায় খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খেলা চলাকালে শৃঙ্খলা বজায় রেখে ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।”

শিক্ষার্থীরা জানায়, “বন্ধু ও সহপাঠীদের সঙ্গে একত্রে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে ‘আর্জেন্টিনা’ এবং ‘ব্রাজিল’-এর মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।”

তাদের মতে, হল প্রশাসনের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. সাইফুল ইসলাম বলেন, “ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও মিলনমেলারও একটি বড় উপলক্ষ। বিশ্বকাপকে ঘিরে ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়েই আমরা গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সম্প্রচারের উদ্যোগ নিয়েছি।”

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *