ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত যুবক মো. রাহাদ (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকার কলেজ মোড় সড়কে এ ঘটনা ঘটে। রাহাদ উপজেলার শেখপাড়া গ্রামের মো. হামিদুর রহমানের ছেলে।
লিখিত অভিযোগে রাহাদ দাবি করেন, তার বাবার সঙ্গে গাছ-বাগান কেনাবেচা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করে। ঘটনার দিন তিনি তারাটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কলেজ মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। এতে তার বাম চোখে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে আহত অবস্থায় তাকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাহাদ আরও অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।